কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে ভারতের ঝালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের সীমান্তের কাছে নিয়ে আসে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পুশইনের জন্য আনা ওই ছয়জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। তাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিষয়টি সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গয়টাপাড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারাও সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেন।
শৌলমারী ইউনিয়ন পরিষদের সদস্য সোনা মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার খবর পাওয়া যাচ্ছে। তাই গয়টাপাড়া সীমান্তে যেকোনো ধরনের পুশইন ঠেকাতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বিজিবি সূত্র জানায়, সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
গয়টাপাড়া বিওপির হাবিলদার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।












