সাম্প্রতিক
তনু হত্যা: সাবেক ২ সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে বাবাকে গুলি করে হত্যা বিজেপিকে সমর্থনের ঘোষণা দিলো তৃণমূলের প্রায় ২০ জন এমপি নারী কর্মীদের সরাসরি বিদেশে পাঠাতে ‘অ্যাডভান্স পুল’ তৈরির চিন্তা সরকারের: প্রতিমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার মতলব দক্ষীণে একজন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের মামলায় গ্রেফতার ৫ জন কক্সবাজারে মানবিকতার সুযোগ নিয়ে শিশু অপহরণ, রোহিঙ্গা নারী আটক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গলাচিপায় পার্টনার কংগ্রেস

স্ত্রীকে ট্রেনের নিচে ফেলে হত্যার অভিযোগ: দেড় বছরের শিশুকে রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক

মঙ্গলবার,৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটিকে স্রেফ ‘রেলে কাটা পড়ে মৃত্যু’ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও ঘটনার পর থেকেই দেড় বছরের দুগ্ধপোষ্য শিশুকে ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে পুরো পরিবার।
আজ ৮ই জুন (সোমবার) আনুমানিক সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার সল্লার মীরহামজানী ১৫ নম্বর রেলব্রিজে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,নিহত গৃহবধূ মোছা: মুক্তা আক্তার (৩০)-এর সাথে বেশ কিছুদিন ধরেই তার স্বামী মো: সুজন মিয়া (৩৫)-এর পারিবারিক কলহ চলছিল। আজ সকালে অভিযুক্ত স্বামী সুজন, শ্বশুর আব্দুল রাজ্জাক এবং শাশুড়ি খালেদা বেগম মিলে মুক্তা আক্তারকে রেললাইনের পাশে নিয়ে যান। অভিযোগ উঠেছে, ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে তাকে জোরপূর্বক রেললাইনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নির্মম মৃত্যু হয় ওই গৃহবধূর।
প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি দুর্ঘটনা বা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জোর চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকজন। তারা প্রতিবেশীদের বোঝানোর চেষ্টা করে যে, গৃহবধূ অসাবধানতাবশত বা স্বেচ্ছায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। কিন্তু ঘটনার পর পরই তাদের রহস্যজনক আচরণে প্রতিবেশীদের মনে সন্দেহের দানা বাঁধে।
ঘটনাটি জানাজানি হতেই পুলিশ ও স্থানীয়দের হাত থেকে বাঁচতে গা ঢাকা দেয় অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়ি। তবে পালিয়ে যাওয়ার সময় তারা তাদের বড় মেয়েকে সাথে নিয়ে গেলেও, মাত্র দেড় বছর বয়সী ছোট কন্যাসন্তানটিকে নির্মমভাবে ঘরে একা ফেলে রেখে যায়।
কান্নাজড়িত কণ্ঠে নিহতের মা-বাবা ও ভাই বলেন,আমার মেয়েকে ওরা পরিকল্পিতভাবে খুন করেছে। রেলে কাটা পড়ার নাটক সাজিয়ে এখন সবাই পালিয়েছে। এমনকি মায়ের দুধ খাওয়া দেড় বছরের বাচ্চাটাকেও ওরা ফেলে গেছে। আমরা এই খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি চাই।”
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া উদ্ধার হওয়া দেড় বছরের শিশুটিকে আপাতত তার নানা-নানির জিম্মায় রাখা হয়েছে।
​এই বিষয়ে ঢাকা রেলওয়ে  এএসআই (নিরস্ত্র) এনামুল মোল্লা জানান,প্রাথমিকভাবে এটিকে রেলে কাটা মৃত্যু মনে হলেও, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টিকে হত্যাকাণ্ড হিসেবে মাথায় রেখেই তদন্ত করছি। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক, যা আমাদের সন্দেহ আরও বাড়িয়েছে।
কালিহাতী থানার ওসি (তদন্ত) মো: সালাম জানান, রেললাইনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে থানার পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাটি রেললাইনের আওতাভুক্ত, তাই রেলওয়ে পুলিশ (GRP) বিষয়টি প্রধানত খতিয়ে দেখছে। তবে স্থানীয় থানা পুলিশও তাদের সর্বাত্মক সহযোগিতা করছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Tags:

সম্পর্কিত খবর :