শেয়ার করুন

অক্টোবরে চীনের অর্থনৈতিক মন্দা আরও গভীর, প্রত্যাশা পূরণে ব্যর্থ শিল্প উৎপাদন

অক্টোবরে চীনের অর্থনৈতিক মন্দা আরও গভীর হয়েছে। খুচরা বিক্রি, বিনিয়োগ ও শিল্প উৎপাদন, তিনটি খাতেই অর্থনীতিবিদদের পূর্বাভাস পূরণে ব্যর্থ হয়েছে দেশটি। এদিকে বিশ্লেষকেরা সতর্ক করেছেন, বৈদেশিক চাহিদার ওপর ক্রমবর্ধমান নির্ভরশীলতার কারণে বিদেশের অর্থনৈতিক পরিস্থিতির ধাক্কায় চীনের প্রবৃদ্ধি আরও বেশি ঝুঁকির মুখে পড়ছে।

সোমবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিনিয়োগের পতন আরও গভীর হয়েছে। একই সঙ্গে খুচরা বিক্রির প্রবৃদ্ধি আবারও শিল্প উৎপাদনের তুলনায় পিছিয়ে রয়েছে। আবাসন খাতের মন্দার কারণে টানা পঞ্চম বছরের মতো পরিবারের সম্পদের মূল্য কমে যাওয়ায় ভোক্তা ব্যয়েও স্থবিরতা দেখা দিয়েছে।

ভোগব্যয়ের পরিস্থিতি পরিমাপের অন্যতম সূচক খুচরা বিক্রি অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় ০.৪ শতাংশ বেড়েছে। অথচ বিশ্লেষকেরা এই হার ০.৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন। সেপ্টেম্বরে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ১.১ শতাংশ প্রবৃদ্ধির পর অক্টোবরে এ খাতের প্রবৃদ্ধি কমেছে।

অন্যদিকে গত মাসে শিল্প উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৮ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের ৫.৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস পূরণ করতে পারেনি এ খাত। সেপ্টেম্বরে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ৫.৫ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অক্টোবরে শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে।

অক্টোবরে সব খাতেই চীনের প্রবৃদ্ধিতে দুর্বলতা

চলতি বছরের প্রথম ১০ মাসে স্থায়ী সম্পদে বিনিয়োগ ৮.১ শতাংশ কমেছে। আবাসন ও অবকাঠামো খাতের বিনিয়োগও এর অন্তর্ভুক্ত। চলতি বছর দেশটির অর্থনীতিতে বিনিয়োগের যে নজিরবিহীন পতন দেখা যাচ্ছে, তা আরও গভীর হয়েছে। কোভিড-১৯ মহামারির সময় বাদ দিলে এমন পতনের নজির নেই। বিনিয়োগ কমার এই হার বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায়ও অনেক বেশি। তাঁরা ৭ শতাংশ পতনের পূর্বাভাস দিয়েছিলেন।

অর্থনৈতিক স্থবিরতার প্রভাব পড়েছে শ্রমবাজারেও। অক্টোবরে বেকারত্বের হার সামান্য কমে ৫.১ শতাংশে দাঁড়িয়েছে। তবে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে শিক্ষার্থীদের বাদ দিয়ে হিসাব করা বেকারত্বের হার এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ১৮ শতাংশ।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের প্রবৃদ্ধি তৃতীয় প্রান্তিকে তিন বছরের সর্বনিম্ন অবস্থান থেকে কিছুটা ঘুরে দাঁড়ায়। এ সময় আগের বছরের একই সময়ের তুলনায় দেশটির অর্থনীতি ৪.৫ শতাংশ সম্প্রসারিত হয়।

গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে ৫ শতাংশ প্রবৃদ্ধির পর চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৪.৬ শতাংশে দাঁড়াতে পারে। ২০২৭ সালে তা আরও কমে ৪.৫ শতাংশ হতে পারে।

ওয়াল স্ট্রিটভিত্তিক এই বিনিয়োগ ব্যাংকটির ধারণা, আগামী বছরও নিম্ন মূল্যস্ফীতির প্রবণতা অব্যাহত থাকবে। তাদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ভোক্তা মূল্যস্ফীতি ০.৮ শতাংশে এবং ২০২৭ সালে ০.৫ শতাংশে নেমে আসতে পারে। এর পেছনে অভ্যন্তরীণ চাহিদার দুর্বলতা, সামগ্রিক সরবরাহের আধিক্য, পণ্যমূল্যের ঊর্ধ্বগতির গতি কমে আসা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সম্ভাব্য বিঘ্নের ঝুঁকির কথা উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

তবে প্রবৃদ্ধির হার কমে এলেও ২০৩৫ সালের মধ্যে ২০২০ সালের মাথাপিছু আয় দ্বিগুণ করার বেইজিংয়ের লক্ষ্যমাত্রা অর্জনের পথে চীন রয়েছে বলে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে গোল্ডম্যান স্যাকস।

ভোক্তা মূল্যস্ফীতির নিম্ন হার এবং রপ্তানিতে ব্যাপক প্রবৃদ্ধি চীনের অর্থনীতির একটি ভিন্ন চিত্র তুলে ধরছে। একদিকে বৈশ্বিক বাজারে দেশটির আধিপত্য বাড়ছে, অন্যদিকে দেশের অভ্যন্তরে সমৃদ্ধি তৈরি করতে হিমশিম খাচ্ছে অর্থনীতি।

অক্টোবরে চীনের ভোক্তা মূল্যস্ফীতি কমে ০.৭ শতাংশে দাঁড়িয়েছে। টানা দুই মাস বৃদ্ধির পর প্রথমবারের মতো এ হার কমল। অন্যদিকে প্রত্যাশার চেয়েও বেশি, ৩৫.২ শতাংশ বেড়েছে দেশটির রপ্তানি।

বাণিজ্যিক উত্তেজনা বাড়লেও গত বছরের রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে চীন। অক্টোবরের মধ্যেই দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে, যা ইতিহাসে সবচেয়ে দ্রুত এই পর্যায়ে পৌঁছানোর ঘটনা।

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের চাহিদায় ঝুঁকি

চীনের রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধির পেছনে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট প্রযুক্তি ও সরঞ্জামের বৈশ্বিক চাহিদা বড় ভূমিকা রাখছে। তবে এই শিল্পে চাহিদা কমে আসার কোনো লক্ষণ দেখা দিলে তা চীনের রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা।

পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেন, এনভিডিয়াকে ঘিরে বিতর্কের আগেই বাজারে এআই খাতে মূলধনী ব্যয়ের চক্রে মন্দা দেখা দেওয়ার আশঙ্কা ছিল। ওই বিতর্কের কারণে চীনে নিষিদ্ধ চিপ সরবরাহের প্রবাহ নতুন করে নজরদারির আওতায় এসেছে।

ঝাং বলেন, ‘এখন ঝুঁকিটি আরও গুরুতর হয়ে উঠেছে।’ আগামী বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও কমে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমেই রপ্তানিনির্ভর হয়ে পড়ার প্রেক্ষাপটে দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদাররা অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনার আহ্বান জোরদার করেছে।

সিটি রিসার্চের বিশ্লেষকেরা বলেছেন, আগামী বছর চীনের রপ্তানি খাত আরও চাপের মুখে পড়তে পারে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে নতুন বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের সম্ভাবনা দেশটির অর্থনীতির জন্য বড় ধরনের নেতিবাচক ঝুঁকি তৈরি করছে।

ব্যাংকটির বিশ্লেষকেরা বলেন, ‘চীনকে লক্ষ্য করে ইইউর আরও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা মনে করি। এতে সামনে উত্তেজনা আরও বাড়তে পারে।’

তবে বেইজিং ‘যৌক্তিক ও বাস্তবসম্মত ছাড়’ নিয়ে আলোচনায় আগ্রহী হতে পারে বলে মনে করছে সিটি রিসার্চ। এ ধরনের ছাড়ের মধ্যে আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি, নির্দিষ্ট খাতভিত্তিক চুক্তি এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) রেয়াত কমানোর বিষয়গুলো থাকতে পারে।

তথ্যসূত্র: cnbc

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top