জন্মগতভাবে হৃদ্যন্ত্রে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া আট বছরের এতিম শিশু ফারদিন রায়হানের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
ফারদিনের পরিবার সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই শিশুটির হৃদ্যন্ত্রে জটিলতা ছিল। দরিদ্র রিকশাচালক বাবা-মা নিজেদের সামর্থ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চালিয়ে আসছিলেন। এরই মধ্যে গত বছর অসুস্থ হয়ে ফারদিনের মা মারা যান। এরপর থেকে শিশুটির দায়িত্ব এসে পড়ে তার নানী হালিমা বেগমের ওপর।
ফারদিনের নানা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আর নানী রাজশাহী নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে অস্থায়ীভাবে ঝাড়ুদারের কাজ করেন। স্বল্প আয়ের এই পরিবারটি বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে শিশুটির চিকিৎসা চালিয়ে আসছিল।
সম্প্রতি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা ফারদিনকে দ্রুত ঢাকার হার্ট ফাউন্ডেশনে নিয়ে গিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেন। চিকিৎসকদের মতে, অপারেশনের জন্য প্রায় পাঁচ লাখ টাকার বেশি অর্থ প্রয়োজন।
এ অবস্থায় শিশুটির নানী স্থানীয় বিএনপির এক নেত্রীকে সঙ্গে নিয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে দেখা করেন। শিশুটির অসুস্থতা ও পরিবারের আর্থিক দুরবস্থার কথা শুনে মন্ত্রী তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
মন্ত্রী শিশুটিকে তার নানীর সঙ্গে ঢাকায় নিয়ে গিয়ে বাসায় রাখার ব্যবস্থা করতে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের সব ব্যবস্থা করার নির্দেশ দেন। একই সঙ্গে রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার ব্যবস্থাও করে দেন তিনি।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ফারদিনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে শিশুটি সুস্থ হয়ে আবার তার পরিবারের কাছে ফিরে আসবে।



