আচারে মিলল জীবন্ত টিকটিকি, কারখানা বন্ধ করল ভোক্তা অধিকার

পাবনায় একটি অবৈধ চানাচুর ও আচার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় কারখানাটিতে তৈরি করা আচারের মধ্যে একটি জীবন্ত টিকটিকিও পাওয়া যায়। পরে কারখানাটিকে সিলগালা করার পাশাপাশি ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার পাবনা শহরের বিভিন্ন বাজার ও অননুমোদিত প্রতিষ্ঠানে এই তদারকি ও অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাহমুদ হাসান রনি। অভিযান চলাকালে জেলা সদরের ওই অবৈধ কারখানাটির সন্ধান পায় অভিযানিক দল।
অভিযানিক দলের সদস্যরা জানান, কারখানাটির কোনো বৈধ অনুমোদন বা কাগজপত্র ছিল না। সম্পূর্ণ অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে সেখানে চানাচুর এবং আচার তৈরি করা হচ্ছিল। তল্লাশির একপর্যায়ে আচারের ভেতর জীবন্ত টিকটিকি দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে কারখানাটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের ৬০ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ বা সিলগালা করে দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং অননুমোদিত এমন খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
ডিবিসি/এসডব্লিউএন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন