নানার বাড়িতে বেড়াতে এসে আর ফেরা হলো না ১৪ বছর বয়সী সিমরানের। আনন্দঘন একটি বেড়ানো মুহূর্ত পরিণত হলো আজীবনের বেদনায়। তিন বোনের একমাত্র ভাই এবং মা-বাবার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান পরিবার। নিহত সিমরান ফেনী সদর উপজেলার লালপুর এলাকার শিপন ও খোদেজা দম্পতির একমাত্র ছেলে। সে নানার বাড়ি ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দারোগাহাট এলাকায় বেড়াতে এসেছিল।
সোমবার বিকেলে বাড়ির পাশের কৈয়ারা দীঘিতে মাছ ধরতে গিয়ে ককসিটের তৈরি ভেলায় চড়ে দিঘীর মাঝখানে গিয়ে পানিতে ডুবে যায় সিমরান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র ১৪ বছর বয়সে একমাত্র সন্তানকে হারিয়ে শোকের সাগরে ভাসছেন তার বাবা-মা ও স্বজনরা। তাদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ হয়ে ওঠে হৃদয়বিদারক। সিমরানের অকাল মৃত্যুতে দারোগাহাট এলাকাসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।












