আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ‘আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের রাজশাহী রিজিওনাল সেলস ম্যানেজার মো. আরিফুল ইসলাম ও মুরাদ হোসেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার ব্র্যাক সিড ডিলার মো. মোস্তাফিজুর রহমান মিঠু ও রেজাউল ইসলাম। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী জেলার সিনিয়র টেরিটরি ম্যানেজার মো. আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন টেরিটরি অফিসার মো. মারুফ হাসান ও ব্র্যান্ড প্রমোটার মো. মাহাফুজ আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আরিফুল ইসলাম ব্র্যাক সিডের বিভিন্ন উচ্চফলনশীল জাত সম্পর্কে আলোকপাত করেন। তিনি প্রজেক্টরের মাধ্যমে ডায়ামন্ট, এস্ট্রারিক্স ও লালপাকড়িসহ বিভিন্ন জাতের আলুর বৈশিষ্ট্য এবং ভিডিও চিত্র প্রদর্শন করেন।
রাজশাহীর দুর্গাপুরে আয়োজিত কর্মশালায় টিস্যুকালচার পদ্ধতিতে রোগমুক্ত বীজ উৎপাদন, বীজ আলুর আধুনিক চাষাবাদ পদ্ধতি, সুষম সার প্রয়োগ এবং সেচ ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে আলুর মড়ক বা ‘লেইটব্লাইট’ রোগ দমনে আধুনিক প্রতিকার ও ফানজিসাইড সিডিউল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও রাইজোকটোনিয়া, স্ক্যাব, কাণ্ডপচা ও ভাইরাসজনিত রোগ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং এফিড দমনে ‘বায়োম্যাক্স এম’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। আলু সংগ্রহের পর সঠিক উপায়ে কিউরিং, গ্রেডিং ও প্যাকেটজাত করার ওপরও গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা।
আয়োজকরা জানান, ব্র্যাক সিড বিশ্বাস করে দেশব্যাপী এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ৪২ হাজার আদর্শ কৃষককে আধুনিক চাষাবাদ পদ্ধতির আওতায় আনা সম্ভব হবে। যা দেশের কৃষি খাতের আধুনিকায়ন ও ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী এ কর্মশালায় স্থানীয় আদর্শ কৃষক ও রিটেইলাররা অংশগ্রহণ করেন।












