গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কিশোরগঞ্জের কটিয়াদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কাবাডি প্রতিযোগিতা।
‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৮ জুলাই) বিকেলে কটিয়াদী পৌরসভার বেথইর আনন্দবাজার মাঠে ডিএই কৃষক দলের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে ভিড় করেন। দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
ছাত্রনেতা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ মাহমুদুল ইসলাম। উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট ওমর জাকির বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এম এ ইউসুফ, যুবদল নেতা জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা হাইকুল ইসলাম লিটন, ছাত্রদল নেতা রাজীব খান, পৌর মেয়র পদপ্রার্থী আফজল হোসেন জুয়েল, সাবেক কমিশনার আলী হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম বিপুল,ইউপি মেম্বার প্রার্ৎী মুর্শিদ ও জাহাঙ্গীর মিয়াসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় মোট ৫০ জন খেলোয়াড় অংশ নেন। সারা বিকেলজুড়ে রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ১০ জন খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী খেলোয়াড়দেরও উৎসাহমূলক সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রযুক্তিনির্ভর সময়ে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা দিন দিন হারিয়ে যাচ্ছে। কাবাডির মতো দেশীয় খেলাকে বাঁচিয়ে রাখতে সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।











