ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক চেয়ারম্যান এ কে এম ফারুককে পুনর্বহাল এবং ব্যাংকের ব্যবস্থাপনায় রাজনৈতিক ও গোষ্ঠীগত হস্তক্ষেপ বন্ধের দাবিতে ভোলায় মানববন্ধন করেছেন ব্যাংকটির সচেতন গ্রাহকরা।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভোলা শহরে ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন। তারা ব্যাংকের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পেশাদার পরিচালনা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. আমির হোসেন, মাওলানা আতাউর রহমান কামাল, আরিফুর রহমান, মাওলানা জাকির হোসেন, আব্দুল বারী, বিবি হাজেরা, উম্মে হাসান ও আয়েশা খানমসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একটি বিশেষ মহলের অযাচিত হস্তক্ষেপ ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের আস্থার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার মাধ্যমে ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের কোটি কোটি মানুষের আস্থা অর্জন করেছে। তাই ব্যাংকটির স্বাতন্ত্র্য ও সুনাম ক্ষুণ্ন হয় এমন কোনো সিদ্ধান্ত গ্রাহকরা মেনে নেবেন না।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো পরিবার, ব্যবসায়ী ও প্রবাসীদের আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ফলে ব্যাংকটির পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি।
গ্রাহক প্রতিনিধি মো. মেহেদী হাসান সুমন বলেন, “সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমরা চাই ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা বজায় থাকুক এবং গ্রাহকদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাক।”
আরেক গ্রাহক ইমরান হোসেন বলেন, “দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংকের সুনাম ও স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সমাবেশে বক্তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রতি গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ব্যাংকের স্বাভাবিক ও স্বচ্ছ কার্যক্রম অব্যাহত রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেন।











