দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর এলাকায় সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্প একনেকে অনুমোদনের পর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তীর নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা নারায়ণপুর ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকায় সরেজমিনে পরিদর্শনে আসেন। এ সময় তাঁরা প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি সেতু নির্মাণের সম্ভাব্য স্থান নির্ধারণ ও প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।
এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ ও দীর্ঘ সেতু নির্মাণসংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর ফলে নারায়ণপুর এলাকায় সেতু নির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হোক। নদী পার হতে প্রতিদিন আমাদের অনেক কষ্ট করতে হয়। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। সেতু হলে আমাদের সন্তানদের স্কুল-কলেজে যাতায়াতসহ সব ধরনের যোগাযোগ সহজ হবে।
স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এই নদীর কারণে আমরা অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে অনেক সমস্যায় পড়তে হয়। কৃষিপণ্য বাজারে নেওয়া এবং ব্যবসা-বাণিজ্যেও ভোগান্তি পোহাতে হয়। দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু হলে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হবে।
তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাব্বি বলেন, প্রতিদিন নৌকায় করে নদী পার হয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় নৌকার জন্য অপেক্ষা করতে হয়। বৃষ্টি হলে আমরা স্কুলে যেতে পারি না বইখাতা ভিজে যায়। নৌকা ডুবে একাধিকবার ছাত্রছাত্রী আহত হয়েছে, এই জন্য বর্ষাকালে অনেকে স্কুলে আসতে চায় না। সেতু নির্মাণ হলে আমাদের যাতায়াত অনেক নিরাপদ ও সহজ হবে।
ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন রাড়ী বলেন, নারায়ণপুর এলাকায় সেতু নির্মাণ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা। জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এই প্রকল্পের অনুমোদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। এ জন্য তাঁর প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেতুটি নির্মিত হলে কয়েকটি গ্রামের ৩০ হাজার মানুষের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। আমরা আশা করি, দ্রুত নির্মাণকাজ শুরু হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে।
ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নারায়ণপুর এলাকায় প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করা হয়েছে। সরেজমিনে এলাকার পরিস্থিতি, যোগাযোগব্যবস্থা ও কারিগরি বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে প্রায় ৩০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইকরকান্দি বাজার ও পুরাতন লঞ্চঘাট এলাকায় নদী পারাপারে স্থানীয়দের একমাত্র ভরসা ছোট নৌকা। ফেরাঙ্গীকান্দী, নাওডোবা, সিংজালা, নারায়ণপুর, ইকরকান্দি ও সূর্যমনিসহ অন্তত ১০ গ্রামের মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করেন। নদীর দুই পাড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস থাকায় প্রতিদিনই শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি ছিল, এখানে একটি সেতু নির্মাণ করা হোক।




