শেয়ার করুন

Desk Reporter
প্রধান প্রতিবেদক
Desk Reporter
প্রধান প্রতিবেদক

বেনাপোলে শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে ফেরার পথে দুই শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে দুই শ্রমিক নেতাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তারা দুজনই আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ওরফে তবি (৫০) এবং শ্রমিক নেতা লোকমান হোসেন (৫০)। তারা দুজনই ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা। তবিবুর রহমান মৃত সিদ্দিকুর রহমানের ছেলে এবং লোকমান হোসেন মৃত ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তবি ও লোকমান। ছোট আঁচড়া এলাকায় নিজেদের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুর রহমানের ডান পা এবং লোকমান হোসেনের বাম পা জখম হয়। অন্য ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে।

বিস্ফোরণের শব্দ শুনে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আহত দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার ওসি কাজী বাবুল পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ উদ্ধার করে জব্দ করে। পরে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপারও ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি কাজী বাবুল জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top