চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার কচুয়া উপজেলার সীমান্তবর্তী রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় পাওয়া গেছে। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা আজিজুর রহমানের ছেলে *আমির হোসেন*।
স্থানীয়দের ধারণা, আমির হোসেনকে অন্য কোথাও হত্যা করে তার মরদেহ কচুয়া উপজেলার সীমানায় এনে ফেলে রাখা হয়েছে। নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের ভাই সাদ্দাম বলেন, “গতকাল থেকে আমিরের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি মরদেহটি মোরাদপুর-কচুয়া সীমান্তে পড়ে আছে।”
তিনি সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।




