শেয়ার করুন

কটিয়াদীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

 
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা সমাধান এবং রোগীদের ভোগান্তি কমাতে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি, চিকিৎসাসেবার মান, জনবলসংকট, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. সৈয়দ শাহরিয়ার অনিক স্বাগত বক্তব্যে হাসপাতালের বর্তমান কার্যক্রম, সার্বিক পরিস্থিতি এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে সম্প্রতি নেওয়া বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ঈশা খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহসভাপতি বাবু জহর লাল শাহা এবং কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন।
বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই এখানে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা, চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্ন পরিবেশ এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করা জরুরি।
 হাসপাতালের সেবার মান বাড়াতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, চিকিৎসাসেবায় শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করা এবং রোগীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, নিয়মিত তদারকি, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতকরণ এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা সম্ভব।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top