পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরার নৈতিক সুযোগ পুরোপুরি হারিয়েছে। এ সময় শেখ হাসিনাকে দেশে না পাঠিয়ে ভারতীয় নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান তারা।
মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘আমরা বাংলাদেশি’ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে।
সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এতে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বিএনপি নেতা মোমিনুল আমিন ও সাংবাদিক সাঈদ খান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ছিল দলমত-নির্বিশেষে সবার। সে সময় বিভিন্ন দল নিজস্ব অবস্থান থেকে আন্দোলন করলেও জাতীয় ঐক্যের লক্ষ্যে এক দফা দাবিতে সবাই একমত হয়েছিল।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি এখন ক্ষমতায় রয়েছে। দেশে ফিরতে শেখ হাসিনার এত ভয় কিসের? সরকার তো তাঁকে ফেরত চায়। তাঁর বিরুদ্ধে আদালতের রায় হয়ে গেছে, এখন তা বাস্তবায়ন হবে। তাই তিনি দেশে ফিরে আসুক।
আওয়ামী লীগের বিভিন্ন সময়ের সহিংসতার সমালোচনা করে ফরহাদ হালিম ডোনার বলেন, গাড়ি-বাড়ি পুড়িয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে—এমন চিন্তা হাস্যকর। এটা কোনো রাজনীতি হতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।’ আমাদের মধ্যে দলগত ভিন্নমত থাকতে পারে, তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেন, অপরাধী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানে দেশে ফিরতে চান, এনআইডি ও পাসপোর্ট চান। ভারত সরকারকে বলব, তাঁকে নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দিন। বাংলাদেশে তাঁকে আর নাগরিকত্ব দেওয়া হবে না। সীমান্ত দিয়ে, সমুদ্রপথে কিংবা আকাশপথে কোনোভাবেই তাঁর ফেরার সুযোগ নেই।
আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার প্রসঙ্গে রাশেদ খান বলেন, গোপালগঞ্জে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের মধ্যেই হানাহানিতে লিপ্ত হচ্ছে। সেখানকার আইনশৃঙ্খলা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
সভাপতির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপস নেই। শর্ত দিয়ে জাতীয় ঐক্য হয় না। এখন ভারতীয় আগ্রাসন ও পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।





