শেয়ার করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে গুলি, ফেসবুকে পোস্ট দিয়ে দায় স্বীকার করলেন ‘শুটার রায়হান’

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে ছয়জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গুলি চালানোর কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’।

আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন দাবি করে গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে অসহায় কেউ থাকলে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রায়হান দাবি করেন, তাকে আওয়ামীপন্থী মনে করে বিএনপির কয়েকজন নেতা তার গাড়ি আটকানোর চেষ্টা করেন। তাদের সঙ্গে আগে থেকে কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।

পোস্টে রায়হান লেখেন, ‘আমিও আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই। অবশ্যই উনাদের সঙ্গে আমার কোনো ঝামেলা ছিল না। শান্তভাবে যাচ্ছিলাম, রাস্তা আটকাবি কেন?’

গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্দেশে তিনি লেখেন, ‘যারা যারা গুলি খেয়েছেন, ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সঙ্গে আমার ঝামেলা ওইখানেই শেষ। গুলি খাওয়া ব্যক্তিদের মধ্যে যদি কেউ অসহায়, টাকা-পয়সা সাহায্যে লাগে, আমাকে ইনবক্স করিয়েন।’

ভবিষ্যতে গাড়ি আটকানোর আগে গাড়ির ভেতরে কে আছেন, তা খোঁজখবর নিয়ে দেখার হুঁশিয়ারিও দেন তিনি। তবে রায়হানের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাতে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে দুর্বৃত্তদের গুলিতে পথচারী, ব্যবসায়ী ও চালকসহ ছয়জন গুরুতর আহত হন। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ চালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশ। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বাসিন্দা।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক চালক দাবি করেন, অপরিচিত কয়েকজন ব্যক্তি তার অটোরিকশা ভাড়া নিয়েছিলেন। পরে তাকে জিম্মি করে গাড়ি চালাতে বাধ্য করা হয়।

ঘটনার পর শুটার রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। রায়হান ওই এলাকায় আত্মগোপনে রয়েছেন বলে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে জানানো হয়।

এমন পরিস্থিতিতে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ নিজেই সুয়াবিল ইউনিয়নের হযরত সৈয়দ কমর চাঁদ আলী শাহ মাজারের সামনে হ্যান্ডমাইকে স্থানীয়দের সহযোগিতা চান। মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পাশাপাশি রায়হানকে শনাক্ত করতে এলাকাবাসীর সহায়তা কামনা করেন তিনি। ইতোমধ্যে তার মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাইকিংকালে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সন্ত্রাসী রায়হানকে আটক করতে পারলে পুরো চট্টগ্রাম শান্ত হয়ে যাবে। এ সময় রায়হানকে শনাক্ত করার সুবিধার্থে তার শারীরিক গঠন ও চেহারার বিবরণও তুলে ধরেন তিনি।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ঘটনার পরপরই চুঁরখারহাট বাজারসহ সুয়াবিল এলাকায় পুলিশ অবস্থান নেয়। এলাকার পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আটক অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’ চট্টগ্রাম নগরী ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ পলাতক অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলাসহ দেড় ডজনেরও বেশি মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, রায়হান দীর্ঘদিন ধরে এলাকাভিত্তিক অপরাধ চক্রের নেতৃত্ব দিয়ে আসছেন। বিদেশে পলাতক সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ ও বর্তমানে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সক্রিয় তিনি। তাদের অপরাধচক্রের হয়ে হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন রায়হান।

এদিকে রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি চিরুনি অভিযান জোরদার করেছে পুলিশ। এর মধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে গুলি চালানোর কথা স্বীকার করলেন পুলিশের তালিকাভুক্ত এই পলাতক অপরাধী।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top