কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ। এ সময় জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধুলদিয়া-সহস্রাম ইউনিয়নের ধুলদিয়া বাজারসংলগ্ন একটি স’মিলে এ অভিযান চালানো হয়।
বুধবার দিবাগত রাতে জেলা পুলিশের মিডিয়া সেল ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধুলদিয়া বাজারসংলগ্ন ওই স’মিলে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে সরে যান। পরে স’মিল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে চার শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়। এ সময় জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়। অভিযান শেষে রাতেই স’মিলটি বন্ধ করে দেওয়া হয়।
পুলিশের দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একটি চক্র এসব লগি-বৈঠা মজুত করছিল। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কোথা থেকে এসব সরঞ্জাম সংগ্রহ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জব্দ করা লগি-বৈঠাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।




