কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সমবায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের পায়রা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে স্থানীয় পর্যায়ে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নূরুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী সমবায়ের ইতিবাচক দিক তুলে ধরে বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কলাপাড়ার সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল ও কার্যকর করতে ভবিষ্যৎ করণীয় নিয়েও তিনি আলোচনা করেন।

এ সময় বক্তারা সমবায় সমিতি প্রতিষ্ঠার ইতিহাস, কার্যক্রম, সাফল্য, সম্ভাবনা ও বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। পাশাপাশি স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উদ্যোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সাতজন শ্রেষ্ঠ সমবায়ীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওভাঙ্গা টেকনিক্যাল কলেজের প্রভাষক আবু তালেব ইভান। এতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top