ঝালকাঠি শহরের জেলেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকার একটি দুইতলা ভবনের শয়নকক্ষে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঝালকাঠির পূর্ব চাঁদকাঠি এলাকার মো. জহির উদ্দিন ইব্রাহিম সাব্বির ওরফে প্রেম (২৭) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাহের রোড এলাকার আকাশ হাওলাদার ওরফে নজির আহমেদ (২৭)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জহির উদ্দিনের ভবনের শয়নকক্ষ থেকে ১৩ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদক বিক্রির কাজে সহযোগিতার অভিযোগে মো. সুজন (২৩) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মো. আলমগীর হোসেন বাদী হয়ে গ্রেপ্তার দুই যুবক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঝালকাঠি সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



