গাজীপুরের কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, পূজা উদযাপন ফ্রন্টের কালীগঞ্জ উপজেলা সভাপতি প্রবীর কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক জীবন কুমার ধর, কালীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ আচার্য, সদস্য সচিব লিটন সাহা, যুগ্ম আহ্বায়ক সঞ্জয় কান্ত শীলসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
এছাড়া কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও আনসার বাহিনীর কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, দুর্গাপূজা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
তিনি বলেন, “যেকোনো ধরনের নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। কোনো ধরনের চাঁদাবাজি বা ভয়ভীতি দেখিয়ে কেউ যেন পূজার পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। আপনারা কোনো গুজবে কান দেবেন না। আমার পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন।”
তিনি আরও বলেন, কালীগঞ্জ উপজেলার ৪৫টি পূজামণ্ডপে প্রশাসনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করবেন। পূজা উদযাপনকারীদের ভয়-ভীতি উপেক্ষা করে উৎসব পালনের আহ্বান জানান তিনি।
পরে সভা শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও প্রতিনিধিদের হাতে সরকারের দেওয়া অনুদানের চেক তুলে দেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।




