ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মোঃ তোফিক ওমর সাব্বির (২৮) নামে এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাব্বির আড়পাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কালীগঞ্জ থানার মামলা নম্বর-১৯, জিআর-১৭৯/২০২৬, তারিখ ২৮ আগস্ট ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬)-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাব্বির ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। এছাড়া তিনি আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীর অস্ত্রধারী সহযোগী বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ নাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।




