০৬ জুলাই ২০২৬ (সোমবার) কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদার এবং স্বাস্থ্যসেবার পরিবেশ আরও সুরক্ষিত করতে ২০২৬ সালের ১ জুলাই থেকে ১০ জন সশস্ত্র আনসার সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।
এ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে নবনিয়োজিত আনসার সদস্যদের স্বাগত জানাতে এক আন্তরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. পিযূষ কুমার সাহা, হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁদের বরণ করে নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা বলেন, প্রতিদিন হাসপাতালে বিপুলসংখ্যক রোগী ও তাঁদের স্বজনদের আগমন ঘটে। ফলে নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র আনসার সদস্যদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই পদায়নের মাধ্যমে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও রোগীরা নিরাপদ পরিবেশে সেবা প্রদান ও গ্রহণ করতে পারবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সশস্ত্র আনসার সদস্যদের দায়িত্ব পালনের মাধ্যমে হাসপাতালের শৃঙ্খলা রক্ষা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং রোগীবান্ধব সেবার পরিবেশ আরও উন্নত হবে বলে তারা আশাবাদী।
এ উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে হাসপাতাল প্রশাসন। একই সঙ্গে সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং সরকারি হাসপাতালের নিরাপত্তা জোরদারে গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
সংশ্লিষ্টদের মতে, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলে স্বাস্থ্যকর্মীরা আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন এবং রোগীরাও নির্বিঘ্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। তাঁদের বিশ্বাস, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সশস্ত্র আনসার সদস্যের এই পদায়ন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।











