২১ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) কুষ্টিয়া শহরের বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোরের সামনে দুপুরে সিএনজি ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ জানান, সংঘর্ষের সময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দু’জন নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল ইসলাম, তার স্ত্রী শিরিন খাতুন, একই এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন এবং তাদের মেয়ের জামাই সিএনজিচালক বাঘা উপজেলার চকরাজাপুর গ্রামের জাকারিয়া।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম জানান, গুরুতর আহত দুই নারীকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া হাইওয়ে পুলিশ আরও তিনজনের মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাইওয়ে পুলিশ ট্রাক ও সিএনজি জব্দ করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।












