‎কয়রায় তক্ষক ব্যবসার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আকবর হোসেনের সংবাদ সম্মেলন

খুলনার কয়রায় তক্ষক সাপ কেনাবেচার নাম করে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন উপজেলা সদর ইউনিয়নের ১নং কয়রা গ্রামের মৃত আমির ঢালীর ছেলে আকবর হোসেন ঢালী।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আকবর হোসেন জানান, সম্প্রতি একটি স্থানীয় পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তক্ষক কেনাবেচা বা কোনো ধরনের আর্থিক প্রতারণার সঙ্গে তিনি কখনোই জড়িত ছিলেন না। অসৎ উদ্দেশ্যে তার নামে এই ভ্রান্ত তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে।
‎​তিনি আরও বলেন, “কারো সঙ্গে যদি আমার কোনো প্রকার লেনদেন থেকে থাকে, তবে তার সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হোক। কোনো ব্যক্তিস্বার্থের ভিত্তিতে আমাকে প্রতারক না বানিয়ে, নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।”
‎​উল্লেখ্য, ইতিপূর্বে একটি প্রতিবেদনে তক্ষক কেনাবেচায় কোটি টাকা লাভের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আকবর হোসেন ও আমিরুলসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তবে ভুক্তভোগী দাবি করা জাহিদুল ইসলামকে থানায় জিজ্ঞাসাবাদের সময় ভয়ভীতি ও মারধর করে বাধ্য হয়ে তাদের নাম বলানো হয়েছিল বলে জানা যায়। জাহিদুল ইসলাম মূলত তাদের কাউকেই চেনেন না।
‎​সংবাদ সম্মেলনের মাধ্যমে আকবর হোসেন ঢালী এই ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top