নাটোরের ছোট হরিশপুর কাইশাবাড়ি ব্রিজ এলাকায় আতাউল্লাহ নামের একটি বাসের ধাক্কায় এক কৃষক ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া থেকে নাটোরের উদ্দেশে আসা আতাউল্লাহ বাসটি কাইশাবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে জমি থেকে ঘাস কেটে রাস্তার ওপর উঠছিলেন এক কৃষক। এ সময় মোটরসাইকেল আরোহী ও ওই কৃষককে বাসটি ধাক্কা দেয়।
এতে দুজন গুরুতর আহত হন। আহতরা হলেন—আমানুল (৫০), গ্রাম: খাজুরা, নলডাঙ্গা এবং মিজানুর রহমান (৩৫), গ্রাম: কাইশাবাড়ি।
দুর্ঘটনার পর কৃষকের ভাতিজা ও স্থানীয় এলাকাবাসী দুজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এদিকে দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুই ভাগে ভেঙে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। পরে আতাউল্লাহ বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।



