শেয়ার করুন

ঘরের মেঝেতে রহস্যময় ‘কবর’, কথিত চিকিৎসাকে ঘিরে ভক্তদের ভিড়

বসতঘরের মেঝে ফেটে হঠাৎ দুটি ছোট আকৃতির ‘কবর’ জেগে ওঠার দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে বরিশালের আগৈলঝাড়ায়। অলৌকিক এই দাবিকে কেন্দ্র করে ওই বাড়িতে জমে উঠেছে কবিরাজি ও ঝাড়ফুঁকের কথিত চিকিৎসা কারবার। রোগমুক্তির আশায় দূর-দূরান্ত থেকে সেখানে ভিড় জমাচ্ছেন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। তবে আলেম ও স্থানীয়দের একাংশের দাবি, ঝাড়ফুঁকের ব্যবসা জমজমাট করতেই এই প্রতারণার ফাঁদ পাতা হয়েছে।
​চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে।
​
স্থানীয়রা জানায়, ওই গ্রামের মাইজভান্ডারী মুরিদ ছালাম বেপারীর ছেলে সজীব বেপারী (পূর্বে বেকারিতে কর্মরত ছিলেন) গত ছয় মাস ধরে নিজ বাড়িতে ধ্যানে বসে রোগীদের চিকিৎসা দেওয়ার দাবি করে আসছিলেন। এতদিন দিনে ৫০-৬০ জন রোগী এলেও প্রতি সোমবারে রোগীর সংখ্যা দাঁড়াত কয়েকগুণে।
​পারিবারিক সূত্রে দাবি করা হয়, গত ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে সজীবের ঘরের মেঝের মাটি উঁচু হয়ে একটি ‘কবর’ দেখা যায়। একই দিন রাত ১২টার দিকে প্রথমটির পাশেই আরও একটি ছোট ‘কবর’ ফুটে ওঠে। পরিবারের লোকজনের দাবি— একটি কবরের দৈর্ঘ্য দুই হাত এবং অপরটির দৈর্ঘ্য তিন হাত। সজীবের মা শিউলী বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন অসুস্থ থাকার পর স্বপ্নে আদেশ পেয়ে ধ্যানে বসেন এবং এরপরই সুস্থ হয়ে কবিরাজি চিকিৎসা শুরু করেন।
​সজীব বেপারীর দাবি, ঘরের মেঝেতে ফুটে ওঠা কবর দুটি নাকি বিশ্বখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব বড় পীর আবদুল কাদের জিলানি (রঃ) ও খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ)-এর।
​সরজমিনে জানা গেছে, কবর দাবি করা স্থান দুটি নতুন গামছা ও ফুলের মালা দিয়ে ঢেকে বাঁশের রশি দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। এই ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকে তথাকথিত চিকিৎসাপ্রাপ্তি ও কৌতুহলের বশে প্রতিদিন শত শত মানুষ বাড়িটিতে ভিড় জমাচ্ছেন।
​বিষয়টিকে সম্পূর্ণ ভণ্ডামি ও কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় আলেম মাওলানা রহমাতুল্লাহ। তিনি বলেন, “ইসলাম ধর্মে বা ইতিহাসে এ ধরনের ঘটনার বিন্দুমাত্র কোনো ভিত্তি নেই। মূলত ঝাড়ফুঁকের ব্যবসা জমজমাট করতেই একটি চক্র এই ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে। নিরপেক্ষ তদন্ত হলেই আসল রহস্য বেরিয়ে আসবে।
​এ বিষয়ে জানতে চাইলে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। পুরো ঘটনার তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top