পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সতর্ক করে বলেছেন, সময়মতো চিকিৎসা না পেলে সাবেক এই প্রধানমন্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ বা হৃদ্রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালমান সাফদার বলেন, সম্প্রতি তিনি কারাগারে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে আদালতকে অবহিত করেছেন।
তিনি বলেন, উভয় বন্দিকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তর এবং তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি স্বাধীন মেডিকেল বোর্ড গঠনের আবেদন জানানো হয়েছে।
সালমান সাফদারের ভাষ্য অনুযায়ী, গত ১ নভেম্বর ইমরান খানের রক্তচাপ ১৯২-এ পৌঁছেছিল। যথাযথ চিকিৎসা না দেওয়া হলে গুরুতর শারীরিক জটিলতার ঝুঁকি তৈরি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এ ছাড়া বুশরা বিবির দৃষ্টিশক্তির অবনতির বিষয়েও উদ্বেগ জানান তিনি। তাঁর পরবর্তী অস্ত্রোপচারের তারিখ আগামী ১৫ নভেম্বর নির্ধারিত রয়েছে। তবে একই হাসপাতালে অথবা আগের চিকিৎসকদের তত্ত্বাবধানে আরেকটি অস্ত্রোপচার করাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন।
আইনজীবী প্রশ্ন তোলেন, প্রথম অস্ত্রোপচারের পরও বুশরা বিবির চোখে ব্যান্ডেজ থাকা অবস্থায় কেন তাঁকে অবিলম্বে কারাগারে ফেরত পাঠানো হয়েছিল। পাশাপাশি তাঁর আগের অস্ত্রোপচারগুলোর বিস্তারিত প্রতিবেদন প্রকাশের দাবি জানান তিনি।
আইনি বিষয়ে সালমান সাফদার বলেন, আল-কাদির ট্রাস্ট মামলার বিচারিক কার্যক্রমে আদালতকে পূর্ণ সহযোগিতা করতে ইমরান খান ও বুশরা বিবি তাঁদের আইনজীবী দলকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, প্রধান আপিলগুলো একসঙ্গে শুনতে বিচারক সম্মত হয়েছেন। তবে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) আপিলগুলো নাকি আল-কাদির ট্রাস্ট মামলাটি আগে শুনানি হবে, সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে।
সালমান সাফদার আরও বলেন, সব আইনি বিষয় আদালতের মাধ্যমেই নিষ্পত্তি করতে চান ইমরান খান। ব্যারিস্টার লতিফ খোসাকে সঙ্গে নিয়ে পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে আবারও সাক্ষাতের আশাও প্রকাশ করেন তিনি।
তথ্যসূত্র: ন্যাশন




