জয়পুরহাটে ইত্যাদির শুটিংয়ে ২০০ মোবাইল ফোন চুরি, আটক ১

​জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দৃশ্যধারণ দেখতে গিয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ।

আটক গোলাম রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।

গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে ইত্যাদির দৃশ্যধারণ করা হয়। হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা আসতে শুরু করেন। আয়োজনে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় এই আয়োজন ঘিরে নিরাপত্তায় পুলিশ, গোয়েন্দা সংস্থা, স্কাউট ও স্থানীয় স্বেচ্ছাসেবকসহ কয়েক শ সদস্য দায়িত্ব পালন করেন। তবে দর্শকদের ভিড়ের সুযোগ নিয়ে চোর ও পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে। অনুষ্ঠান উপভোগে ব্যস্ত দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হয়। অনুষ্ঠান শেষে অনেকেই ফোন হারানোর বিষয়টি বুঝতে পারেন। ঘটনার পর ভুক্তভোগীদের অনেকে কালাই থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ৭০ থেকে ৮০ জন সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন। তবে চুরি হওয়া ফোনের প্রকৃত সংখ্যা ১৫০ থেকে ২০০টির বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে একাধিক ভুক্তভোগী থানায় এসে মোবাইল ফোন চুরির মৌখিক অভিযোগ করেছেন। এ ঘটনায় মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top