জেট ফুয়েলের দাম বাড়ল, রাত ১২টা থেকেই কার্যকর

বাংলা টিভি ডেস্ক: দেশে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকসহ) নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। গত মাসে এই দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। শতাংশের হিসাবে এই মূল্যবৃদ্ধি প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।

বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।

বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটের জ্বালানি খরচে বাড়তি চাপ পড়বে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top