ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবী নূর-এ মদীনা গোরস্থানের সরকারিভাবে নির্মিত সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নিম্নমানের নির্মাণকাজের কারণে ভেঙে পড়েছে। এতে গোরস্থানটি এখন পুরোপুরি অরক্ষিত হয়ে পড়েছে। প্রাচীর না থাকায় গরু-ছাগলসহ বিভিন্ন গবাদি পশু অবাধে গোরস্থানে ঢুকে কবরগুলো নষ্ট করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ অবস্থায় চিরনিদ্রায় শায়িত স্বজনদের কবর রক্ষায় সীমানা প্রাচীরটি জরুরি ভিত্তিতে পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, গোরস্থানটির পবিত্রতা ও নিরাপত্তা রক্ষায় সরকারি অর্থায়নে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ রয়েছে, কাজ চলাকালীন সংশ্লিষ্ট ঠিকাদার বা কর্তৃপক্ষ যথাযথ তদারকি না করায় এবং নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় প্রাচীরটি টেকসই হয়নি। নির্মাণের কিছুদিনের মধ্যেই ওয়ালের বিভিন্ন অংশ ধসে পড়ে।
স্থাবীয় বাসিন্দা মনসুর বেপারী বলেন, প্রাচীরের অংশ দিয়ে সহজেই গোরস্থানে প্রবেশ করছে গবাদি পশু। এতে অনেক কবরের মাটি সরে যাচ্ছে এবং কবরগুলোর কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, গোরস্থান একটি পবিত্র স্থান। এখানে আমাদের পূর্বপুরুষ ও স্বজনদের কবর রয়েছে। নিম্নমানের কাজের কারণে ওয়াল ভেঙে যাওয়ায় এখন কবরগুলোর সুরক্ষা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কবরস্থানের সভাপতি হাজী মোঃ সেলিম তালুকদার বলেন, কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে জরুরী ভাবে সীমানা প্রাচীর নির্মান করা দরকার। সীমানা প্রাচীর পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান এলাকাবাসী।



