দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপির চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই নেতার নিজ নিজ সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে।

জানা গেছে, অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদারের বিরুদ্ধে চুরির অভিযোগে এক মা ও তার শিশুকে আটকে রেখে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অন্যদিকে, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা বহাল থাকা একটি জমি-সংক্রান্ত বিরোধে দলীয় কার্যালয়ে সালিশের উদ্যোগ নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ৩ অক্টোবর জেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

অভিযোগের বিষয়ে মতিউর রহমান হাওলাদার এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট জমি নিয়ে মামলা চলমান থাকার বিষয়টি তাকে জানানো হয়নি বলে দাবি করেন তিনি।

এদিকে, জেলা বিএনপির সিদ্ধান্তের ফলে কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন করে নেতৃত্বের বিষয়টি আলোচনায় এসেছে। তবে পদ স্থগিতের পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা সম্পর্কে চিঠিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top