খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সেমিনার কক্ষে “জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ছাত্রনেতা, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. হালিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. কবির হোসেন, তাইজুল ইসলাম ও মারুফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অনুপ্রেরণা। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রেরণা জোগায়। দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের চেতনা ধারণ করে সব ধরনের বিভেদ ভুলে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের সবার দায়িত্ব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান জীবন।
সভার শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তাঁদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।