নওগাঁর রানীনগর থানা এলাকায় ৬ বছরের এক শিশুকন্যাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই বখাটে কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৬ আগস্ট বিকেল আনুমানিক ৪:০০ টার দিকে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় রানীনগর থানার একটি চৌকস টিম অভিযানে নামে। ঘটনার সত্যতা যাচাই পূর্বক স্থানীয় জনগণের সহায়তায় ওই দিন মধ্যরাতে অপরাধের সাথে জড়িত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— মোঃ ইফতিয়াক (১৫) মোঃ মাৎরুফ (১৬)
এ বিষয়ে রানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১২, তারিখ: ২৭/০৮/২০২৬ খ্রিঃ)।
গ্রেপ্তারকৃত দুই কিশোরকে রানীনগর থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ৬ বছরের শিশুকন্যাটিকে ধর্ষণের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার জানান, “নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত যেকোনো ধরনের অপরাধের ক্ষেত্রে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। অপরাধী যে-ই হোক না কেন, আইন অনুযায়ী কঠোর হস্তে তা দমন করা হবে।”
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।




