শেয়ার করুন

নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলায় ২ নেতা নিহত

 নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।
নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর শুনে তিনি ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন।
জানা গেছে, সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রা বের করে। মিছিলটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলায় শাহীন, সোহেল ও কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত শাহীন ও সোহেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
হামলার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top