খুলনার পাইকগাছা পৌরসভা এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর অর্থায়নে পরিচালিত Coastal Towns Climate Resilience Project (CTCRP)-এর অন্তর্ভুক্ত একটি পৌরসভা। জলবায়ু সহনশীল নগর অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে নেওয়া এ প্রকল্পে রাস্তা, ড্রেন, সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন অবকাঠামোর পাশাপাশি বাস টার্মিনাল, নগর পার্ক/উন্মুক্ত স্থান এবং EWCD-বান্ধব (প্রবীণ, নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব) মাল্টিপারপাস মার্কেট নির্মাণের মতো সামাজিক-অর্থনৈতিক অবকাঠামোর সংস্থান রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, CTCRP প্রকল্পটি দেশের উপকূলীয় ২২টি পৌরসভায় বাস্তবায়নের জন্য নেওয়া হয়েছে, যার তালিকায় পাইকগাছা পৌরসভাও রয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এবং প্রকল্পটি ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের কথা রয়েছে।
পাইকগাছায় বাস্তবায়ন হচ্ছে কী?
প্রকল্পের আওতায় পাইকগাছা পৌরসভায় ইতোমধ্যে রাস্তা ও ড্রেনসহ বিভিন্ন অবকাঠামোর কাজের প্রক্রিয়া এগিয়েছে। সরকারি টেন্ডার নথিতে ২০২৬ সালের জুলাইয়ে পাইকগাছা পৌরসভায় তিনটি রাস্তা ও পাঁচটি ব্রিজ/কালভার্ট নির্মাণ-উন্নয়ন কাজের টেন্ডারের তথ্য পাওয়া যায়।
এছাড়া LGED-এর প্রকল্প-সংক্রান্ত নথিতে পাইকগাছা পৌরসভার রাস্তা ও ড্রেন উন্নয়নের বিভিন্ন প্যাকেজের তথ্যও রয়েছে।
কিন্তু স্থানীয়দের প্রশ্ন—CTCRP-এর বৃহত্তর পরিকল্পনায় থাকা নাগরিকবান্ধব অন্যান্য অবকাঠামোর মধ্যে পাইকগাছার জন্য বাস টার্মিনাল, পার্ক কিংবা EWCD-বান্ধব মাল্টিপারপাস মার্কেটের কী পরিকল্পনা রয়েছে?
মাল্টিপারপাস মার্কেট নিয়ে নতুন প্রশ্ন
ADB-এর প্রকল্প-সংক্রান্ত সাম্প্রতিক অগ্রগতি প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত পাইকগাছাসহ কয়েকটি পৌরসভায় মাল্টিপারপাস মার্কেটের সার্ভে সম্পন্ন হওয়ার কথা উল্লেখ রয়েছে। একই প্রতিবেদনে কয়েকটি পৌরসভার মার্কেটের স্থাপত্য নকশা পর্যালোচনার অগ্রগতির কথাও বলা হয়েছে।
ফলে পাইকগাছাবাসীর প্রশ্ন আরও জোরালো হয়েছে—পাইকগাছার মাল্টিপারপাস মার্কেটের বর্তমান অবস্থান কী? সার্ভের পর নকশা ও বাস্তবায়ন প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে?
বাস টার্মিনাল ও পার্কের কী হলো?
CTCRP-এর সরকারি উপাদান তালিকায় চারটি বাস টার্মিনাল এবং দুটি gender-responsive ও socially inclusive urban open space/park-এর সংস্থান রয়েছে।
তবে সরকারি প্রকাশ্য নথিতে পাইকগাছার জন্য এসব উপাদানের নির্দিষ্ট স্থান, অনুমোদিত নকশা, বরাদ্দ বা বাস্তবায়ন সূচি স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় স্থানীয় নাগরিকদের মধ্যে প্রশ্ন উঠেছে—পাইকগাছার জন্য এসব সুবিধা নির্ধারিত ছিল কি না, থাকলে পরবর্তীতে তা বাদ পড়েছে কি না, আর বাদ পড়ে থাকলে তার কারণ কী?
জবাব চায় পাইকগাছাবাসী
নগরবাসীর দাবি, CTCRP-এর আওতায় পাইকগাছা পৌরসভার জন্য অনুমোদিত Component, Scheme List, Detailed Design, Procurement Plan এবং সংশোধিত প্রকল্প পরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করা হোক।
একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি প্রশ্নের স্পষ্ট জবাব চাওয়া হচ্ছে—
১. পাইকগাছা পৌরসভার জন্য CTCRP-এর কোন কোন অবকাঠামো অনুমোদিত হয়েছে?
২. মাল্টিপারপাস মার্কেটের সার্ভে হয়ে থাকলে বর্তমানে সেটি কোন পর্যায়ে রয়েছে?
৩. পাইকগাছার জন্য বাস টার্মিনাল ও পার্ক/নগর উন্মুক্ত স্থান নির্ধারিত হয়েছিল কি না?
৪. কোনো প্রকল্প বা উপাদান বাদ দেওয়া হয়ে থাকলে—কোন পর্যায়ে, কার অনুমোদনে এবং কী কারণে তা বাদ দেওয়া হয়েছে?
৫. সংশোধিত পরিকল্পনায় পাইকগাছার নাগরিক সুবিধাগুলো পুনর্ভুক্ত করার কোনো উদ্যোগ রয়েছে কি না?




