প্রতিনিধি,বাবুগঞ্জ, বরিশাল।
বরিশালে একটি সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দাবিকৃত টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর এবং তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে।
রোববার (৮ নভেম্বর) ভুক্তভোগী সাবঠিকাদার মো. রুস্তম হাওলাদার (৫০) বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে গত শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন—মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), মো. সাকিব হাওলাদার (৩৫), মো. সজিব হাওলাদার (২৫) এবং মো. মুবিন মোল্লা (২২)। তাদের সবার বাড়ি একই ইউনিয়নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রুস্তম হাওলাদার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠীর ২৬শ মিটার পিচ ঢালাই সড়ক নির্মাণ প্রকল্পে সাবঠিকাদারি করে আসছেন। গত শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করেন এবং নির্মাণকাজে বাধা দেন। এ সময় কাজ চালিয়ে যাওয়ার শর্ত হিসেবে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ঠিকাদার রুস্তম হাওলাদার ও তার সঙ্গে থাকা ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে তাদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যান অভিযুক্তরা।
ঠিকাদার রুস্তম হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা আমার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তিনি লোকবল নিয়ে আমাকে মারধর করে এবং আমার মোটরসাইকেলটি জোরপূর্বক ছিনিয়ে নেন। অভিযুক্তরা এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করলেও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা মাহবুব মোল্লা। তিনি দাবি করেন, “আমি রুস্তমের কাছে টাকা পাই এবং ওই সড়কের কাজে তার সঙ্গে আমার অংশীদারিত্ব (পার্টনারশিপ) রয়েছে। পাওনা টাকা না দেওয়ায় আমি তার মোটরসাইকেলটি এনে আমার জিম্মায় রেখেছি।পাওনা টাকা আদায়ের নামে এভাবে মোটরসাইকেল নিয়ে যাওয়া আইনসম্মত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা বসে সমাধান করবেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




