লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরচামিতা বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে ছয় বছরের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বেপরোয়া গতি ও সড়কের অবস্থার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
মৃতরা হলেন, লক্ষ্মীপুরের রামগতির চরসীতা এলাকার আরশাদ উদ্দিনের ছেলে বাসের হেলপার আশিক হোসেন (২৫), চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে বাবুল হোসেন (৬০) ও চাঁদপুরের ফরিদগঞ্জের রুপসা এলাকার সিদ্দিক রহমানের স্ত্রী মুনসুরা বেগম (৫০)। ৩ জনই বাসের যাত্রী ছিলেন।
আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং পাঁচজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবদুর রহমান, রিয়াজ উদ্দিন ও সুমন হোসেনসহ সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহনের একটি বাস ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে চৌমুহনী বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসে। চরমচামিতা বাজার এলাকায় পৌঁছালে বাসটি একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাবুল মিয়া ও অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। এ সময় অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। চরচামিতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরুপ পাল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




