পাকিস্তানের অনেক পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা দিন দিন কঠিন আর্থিক দায়িত্বে পরিণত হচ্ছে। বাজারে খাদ্যপণ্যের সরবরাহ থাকলেও দাম বেড়ে যাওয়ায় পরিবারগুলোর জন্য, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের পক্ষে, প্রয়োজনীয় পরিমাণ খাদ্য কেনা কঠিন হয়ে পড়েছে। সমস্যাটি শুধু বাজারে খাদ্যপণ্যের প্রাপ্যতা নিয়ে নয়, বরং সাধারণ মানুষের সেগুলো কেনার সামর্থ্য আছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর (পিবিএস) সর্বশেষ পরিসংখ্যানেও এই চাপের চিত্র উঠে এসেছে। সংস্থাটির ২০২৬ সালের অক্টোবরের মূল্য পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় খাদ্য ও অ্যালকোহলবিহীন পানীয়ের দাম ৭ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। আর সেপ্টেম্বরের তুলনায় দাম বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ।
কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বার্ষিক হিসাবে আরও উল্লেখযোগ্য হারে বেড়েছে। শহরাঞ্চলে গমের দাম বেড়েছে প্রায় ৩৯ শতাংশ, গমের আটা ৩৪ দশমিক ২৭ শতাংশ এবং মুরগির মাংসের দাম বেড়েছে ২০ দশমিক ৩০ শতাংশ।
পিবিএসের সর্বশেষ সংবেদনশীল মূল্যসূচক (এসপিআই) অনুযায়ী, ১২ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে স্বল্পমেয়াদি মূল্যপরিবর্তনেও উল্লেখযোগ্য স্বস্তি মেলেনি। আগের সপ্তাহের তুলনায় সামগ্রিক সূচক ০ দশমিক ৪৬ শতাংশ কমলেও ২০২৫ সালের একই সপ্তাহের তুলনায় তা ১১ দশমিক ২১ শতাংশ বেশি ছিল। শুধু গমের আটার দামই গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ১৪ শতাংশ বেশি ছিল।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সম্প্রতি জানিয়েছে, অক্টোবর মাসে খুচরা পর্যায়ে গমের আটার দাম ব্যাপকভাবে বেড়েছে। সংস্থাটির পর্যবেক্ষণ করা অধিকাংশ বাজারেই আটার দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
এফএও এই মূল্যবৃদ্ধির জন্য মৌসুমি সরবরাহসংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়াকে দায়ী করেছে। যেসব পরিবার প্রতিদিনের প্রধান খাদ্য হিসেবে গমের আটার ওপর নির্ভরশীল, তাদের সীমিত বাজেটের ওপর এই মূল্যবৃদ্ধি বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে।
খাদ্যনিরাপত্তায় প্রভাব
পাকিস্তানে পরিবারের মোট ব্যয়ের একটি বড় অংশজুড়ে রয়েছে খাদ্যপণ্য। পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর ২০২৪-২৫ সালের হাউসহোল্ড ইন্টিগ্রেটেড ইকোনমিক সার্ভে (এইচআইইএস) অনুযায়ী, পরিবারের মোট ভোগব্যয়ের ৩৬ দশমিক ৭২ শতাংশ ব্যয় হয় খাদ্য ও অ্যালকোহলবিহীন পানীয়ের পেছনে। ব্যয়ের খাতগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।
জরিপে খাদ্যনিরাপত্তার অবস্থার অবনতির চিত্রও উঠে এসেছে। পিবিএসের সামাজিক সূচকসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০১৮-১৯ সালে মাঝারি বা তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা পরিবারের হার ছিল ১৫ দশমিক ৯২ শতাংশ। ২০২৪-২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩৫ শতাংশে। শুধু তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা পরিবারের হার ২ দশমিক ৩৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ জরিপের সময় প্রায় প্রতি চারটি পরিবারের একটি মাঝারি বা তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে ছিল।
আয়ের ভিত্তিতেও পরিবারগুলোর মধ্যে উল্লেখযোগ্য বৈষম্য দেখা গেছে। সবচেয়ে দরিদ্র ভোগব্যয়ভিত্তিক পঞ্চমাংশের পরিবারগুলোর মধ্যে ৪৫ দশমিক ৯৭ শতাংশ মাঝারি বা তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় ছিল। বিপরীতে সবচেয়ে ধনী পঞ্চমাংশের পরিবারগুলোর ক্ষেত্রে এই হার ছিল ৮ দশমিক ৯৫ শতাংশ। গ্রামীণ পরিবারগুলোর মধ্যে খাদ্যনিরাপত্তাহীনতার হার শহুরে পরিবারের তুলনায় বেশি। গ্রামীণ এলাকায় এই হার ২৬ দশমিক ৭২ শতাংশ এবং শহরাঞ্চলে ২০ দশমিক ৫৮ শতাংশ।
এই পরিসংখ্যানগুলো তুলে ধরছে, খাদ্যনিরাপত্তার সঙ্গে পরিবারের ক্রয়ক্ষমতার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ। পরিবারের মোট ব্যয়ের বড় একটি অংশ যখন আগে থেকেই খাদ্য কেনার পেছনে ব্যয় হয়, তখন খাদ্যপণ্যের দাম বাড়লে আবাসন, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় খাতে ব্যয়ের জন্য হাতে কম অর্থ থাকে।
সরকারের পদক্ষেপ
পাকিস্তানে খাদ্যপণ্যের ক্রয়ক্ষমতার সংকটের কেন্দ্রে রয়েছে গম। কারণ, দেশটির মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় গমের গুরুত্ব অনেক বেশি। অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে সরকার আমদানির উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রায় ৫১ হাজার টন গমের একটি চালান অক্টোবরের শেষ দিকে করাচি বন্দরে পৌঁছেছে।
তবে অতিরিক্ত সরবরাহের ফলে ভোক্তা পর্যায়ে আটার দাম তাৎক্ষণিকভাবে কমেনি। ৩ নভেম্বর ডন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আমদানি করা গমের সরবরাহ আসার পর পাইকারি বাজারে গমের দাম কমেছে। কিন্তু খুচরা বাজারে আটার দাম এখনো বেশি রয়েছে। করাচিতে ২০ কেজি আটার একটি বস্তা সর্বোচ্চ ৩ হাজার ৫৪০ পাকিস্তানি রুপিতে বিক্রি হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পাইকারি ও খুচরা দামের এই ব্যবধানের কারণে সরবরাহ ব্যয় কমার সুফল কত দ্রুত ভোক্তাদের কাছে পৌঁছায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবহন খরচ এবং আগে বেশি দামে কেনা মজুত গমও দোকানে বিক্রি হওয়া আটার চূড়ান্ত দামকে প্রভাবিত করতে পারে।
সিন্ধু প্রাদেশিক সরকারও গমের সরবরাহমূল্য কমিয়ে উৎপাদন ও ভোক্তা পর্যায়ের ব্যয় কমানোর চেষ্টা করেছে। ৪ নভেম্বর প্রতি ৪০ কেজি গমের সরবরাহমূল্য ৫ হাজার রুপি থেকে কমিয়ে ৪ হাজার ৫০০ রুপি নির্ধারণ করা হয়। ডনের প্রতিবেদন অনুযায়ী, প্রদেশটির জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমন বলেছেন, এই মূল্যহ্রাসের ফলে প্রতি কেজি আটার দাম প্রায় ১৫ রুপি কমার কথা। সুবিধাটি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে তিনি আটা কলগুলোকেও নির্দেশ দিয়েছেন। তবে এই উদ্যোগের ফলে ভোক্তারা বাস্তবে উল্লেখযোগ্য আর্থিক সাশ্রয় করতে পেরেছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
গম উৎপাদনে হুমকি
ভোক্তারা যখন খাদ্যপণ্যের উচ্চমূল্যের তাৎক্ষণিক প্রভাব মোকাবিলা করছেন, তখন কৃষকেরাও কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপে রয়েছেন।
৩ নভেম্বর আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গম চাষে ব্যবহৃত ডাইঅ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের ৫০ কেজির একটি বস্তার দাম ১৪ হাজার ৯ রুপি থেকে বেড়ে ১৭ হাজার ১৮৩ রুপি হয়েছে। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ২৩ শতাংশ। এ পরিস্থিতিতে কিছু কৃষক ডিএপি সারের ব্যবহার কমিয়ে দিয়েছেন অথবা তুলনামূলক কম দামের বিকল্প সারের দিকে ঝুঁকেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২০২৬-২৭ রবি মৌসুমে পাকিস্তান প্রবেশের প্রেক্ষাপটে এই পরিস্থিতি গুরুত্বপূর্ণ। এ মৌসুমেই দেশটিতে গমের চাষ করা হয়। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকেরা সারের ব্যবহার বা চাষাবাদের সিদ্ধান্ত পরিবর্তন করলে এর প্রভাব ভবিষ্যতের ফসল উৎপাদন এবং দেশের অভ্যন্তরীণ খাদ্য সরবরাহের ওপর পড়তে পারে।
গম উৎপাদনে সহায়তা দিতে পাকিস্তান সরকার বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে সিন্ধু প্রদেশের যোগ্য ক্ষুদ্র কৃষকদের জন্য ভর্তুকি এবং পাঞ্জাবে কৃষি সহায়তা কর্মসূচি রয়েছে। ৩ নভেম্বর জাতীয় পরিষদের খাদ্যনিরাপত্তা ও গবেষণাবিষয়ক স্থায়ী কমিটিতে সারের প্রাপ্যতা এবং কৃষি সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। এসব উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে কৃষকেরা সময়মতো সহায়তা পাচ্ছেন কি না এবং সেই সহায়তা তাদের ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে কতটা ভূমিকা রাখছে, তার ওপর।
খাদ্যনিরাপত্তাহীনতা অব্যাহত থাকার আশঙ্কা
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামনের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ২০২৬ সালের অক্টোবরের খাদ্যনিরাপত্তা মূল্যায়নে ফ্যামিন আর্লি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্ক (এফইডব্লিউএস নেট) ধারণা দিয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পাকিস্তানের ১ কোটি ৮০ লাখ থেকে ১ কোটি ৯০ লাখ মানুষের খাদ্যসহায়তা প্রয়োজন হতে পারে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া এবং গিলগিট-বালতিস্তানের কিছু এলাকায় সংকট পর্যায়ের খাদ্যনিরাপত্তাহীনতা অব্যাহত থাকতে পারে। খাদ্যপণ্যের উচ্চমূল্য, পরিবারের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, দুর্বল ফসল উৎপাদন এবং কর্মসংস্থানের সীমিত সুযোগকে এর পেছনে দায়ী কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।
এই সংখ্যা বর্তমানে তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা মানুষের নিশ্চিত হিসাব নয়; বরং ভবিষ্যতে খাদ্যসহায়তার প্রয়োজন হতে পারে—এমন মানুষের সম্ভাব্য সংখ্যা। তা সত্ত্বেও আগামী কয়েক মাসে দেশটির ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সংকট কতটা বিস্তৃত হতে পারে, তা এই পরিসংখ্যানে স্পষ্ট হয়েছে।
এফইডব্লিউএস নেট ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর সংকট মোকাবিলার কয়েকটি কৌশলের কথাও তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে বাকিতে খাদ্যপণ্য কেনা, ঋণ নেওয়া, খাদ্য গ্রহণ কমিয়ে দেওয়া এবং গবাদিপশু বা অন্যান্য উৎপাদনশীল সম্পদ বিক্রি করা। এসব পদক্ষেপ সাময়িক স্বস্তি দিলেও ভবিষ্যতে অর্থনৈতিক সংকটের মুখে পরিবারগুলোকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
সব মিলিয়ে, পাকিস্তানের খাদ্যপণ্যের ক্রয়ক্ষমতাসংক্রান্ত সংকট শুধু গম আমদানি বা সরকারি উদ্যোগে দাম কমানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। বাজারে খাদ্যপণ্যের সরবরাহ থাকলেও পর্যাপ্ত ক্রয়ক্ষমতা না থাকলে পরিবারগুলোর পক্ষে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। পাকিস্তানের লাখো মানুষের জন্য মূল প্রশ্ন এখনো একটাই—অন্যান্য অত্যাবশ্যকীয় চাহিদার সঙ্গে আপস না করে তারা পর্যাপ্ত খাবার কেনার সামর্থ্য রাখেন কি না।
তথ্যসূত্র: khaleejtimes




