ঐতিহাসিক মহাস্থান জাদুঘরের মুল গেটে “সকল ধরনের গাড়ি পার্কিং নিষেধ” লেখা থাকলেও দিনের অধিকাংশ সময়েই ভ্যান, অটো, সিএনজি, রিক্সা সহ বিভিন্ন ধরনের যানবাহনে ভরপুর থাকে। কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলার কারণে এই যানবাহনগুলো প্রতিনিয়ত ভীর করছে জাদুঘর গেট ও জাহাজঘাটা এলাকায়। অথচ পার্কিং এর নির্দিষ্ট জায়গা থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছেনা। পার্কিং এলাকায় বড় গাড়িগুলা রাখা হলেও, ছোট গাড়ি গুলো সকল নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র গাড়ি পার্কিং করে এবং যাত্রী উঠা নামা করে। যে কারণে এই জায়গা গুলোতে মাঝে মাঝেই সড়ক দূর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ।
গত বছর ২৭শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাকিবুল ইসলাম রাকিব (২০) নামে এক উঠতি বয়সী যুবক উক্ত স্থানে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। বগুড়া সদর থানার নামুজা ইউনিয়নের সিংগাপুর উত্তরপাড়া গ্রামের শাহজাহান আলীর পুত্র তিনি।
প্রতি শুক্রবার এবং বিভিন্ন জাতীয় আচার অনুষ্ঠানে মহাস্থন জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আগামীকাল পহেলা বৈশাখে ব্যাপক লোক সমাগম হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান এলাকাবাসী।
তাই এলাকার সচেতন নাগরিকবৃন্দ দাবী করেন, “মহাস্থান জাদুঘরের মেইন গেট ও জাহাজঘাটা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আলাদা লোকবল নিয়োগ করুক। যেন আর কোন মায়ের কোল খালি না হয়, আর কোন প্রাণ সড়কে না ঝড়ে।”












