পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে মো. সজিব শেখ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) পিরোজপুর সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত্রের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেনের গঠিত অভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুন নবী জোহার নেতৃত্বে অভিযান চালিয়ে সজিব শেখকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সজিব শেখ পিরোজপুর সদর উপজেলার চলিশা এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম কাবুল শেখ।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।




