পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে গুরুতর জখম

 পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।  
আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে। 
জানা গেছে,রোববার সন্ধ্যায় পূর্ব পরিকল্পিতভাবে হামলাকারীরা আকস্মিক তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ ছাড়া তার বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে ও অভিযোগ করেছেন স্বজনেরা। 
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়,পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  
আব্দুর রহিমের বড় ভাই সেকান্দার শেখ বলেন, ১০/১২ জন মিলে পরিকল্পিতভাবে আমার ভাইয়ের ওপর হামলা চালিয়েছে। তার মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। বাম পা ভেঙে দেওয়া হয়েছে। পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। 
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আব্দুর রহিমকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে। 
 পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top