মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় গোয়েন্দা পুলিশ।
রাজধানীতে ডিবি মিডিয়া সেন্টারে আজ রোববার সকালে এসব কথা বলেন তিনি। এদিকে এক বিবৃতিতে ইশরাক হোসেন দাবি করেছেন, আত্মরক্ষার্থেই অস্ত্র প্রদর্শন করেছেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সম্প্রতি নিজেই অস্ত্র হাতে নিয়ে মাদকবিরোধী অভিযানে যান। শনিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই অভিযানের একটি ভিডিও শেয়ার করেন তিনি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়। পরে ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেন ইশরাক।



