বাংলাদেশের রাজনীতিতে একজনই পালিয়েছেন, তিনি শেখের মেয়ে হাসিনা : মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘হাসিনা বলেছিলেন, শেখের মেয়ে পালায় না। অথচ বাংলাদেশের রাজনীতিতে একজনই পালিয়েছেন, তিনি শেখের মেয়ে হাসিনা। এখন আবার শুনি ডিসেম্বরে আসবেন, তার নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। আমি তাদের বলব, দিবাস্বপ্ন দেখবেন না। আপনাদের বিপদে ফেলার জন্য হাসিনা মাঝে মাঝে এ ধরনের কথা বলে থাকেন। এটাই তার চরিত্র। এ জীবনে হাসিনা আর কোনো দিন ফিরবেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা তো চাই হাসিনা ফিরুক। তিনি এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে আদালতে যাক, কারাগারে যাক। অসংখ্য গণহত্যা করেছেন তিনি। ফাঁসির দড়ি তার গলায় ঝুলবে।’

রোববার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সখীপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বন বিভাগকে উদ্দেশ করে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘আপনারা সখীপুরের মানুষকে হয়রানি করবেন না। বেআইনি আটিয়া বন অধ্যাদেশ বিলুপ্ত করতে আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে দুইবার কথা বলেছি। সুযোগ হলে আবারও কথা বলব। এ বিষয়ে একাধিকবার বনমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top