বরিশালের বানারীপাড়া উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জাহাঙ্গীর হোসেন (৬০) নামের এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চাখার ইউনিয়নের বিবিএসজি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন পার্শ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার ভারুকাঠি গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে প্রতিদিনের মতো বিবিএসজি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ছাদে কাজ করছিলেন জাহাঙ্গীর হোসেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তিনি মাথায় ও শরীরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
দুর্ঘটনার পরপরই সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নিহতের স্ত্রী, সন্তান ও স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। এ সময় নিহতের স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।
এদিকে ওই নির্মান শ্রমিকের আকস্মিক ও অকাল মৃত্যুতে চাখার সহ তাঁর নিজ গ্রাম এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।












