সাভারের রাজফুলবাড়িয়ায় নিজ বাড়িতেই যেন বন্দিজীবন কাটাচ্ছেন এক বৃদ্ধ দম্পতিসহ পরিবারের চার সদস্য। বাড়ির প্রধান গেটটি থাকলেও তার সামনেই তৈরি করা হয়েছে প্রায় ১০ থেকে ১২ ফুট উঁচু দেয়াল। ফলে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হওয়ার কোনো পথ নেই। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের মই বেয়ে পাশের বাড়ির ছাদে উঠতে হয় তাদের। সেখান দিয়েই প্রতিদিন বাইরে যাতায়াত করেন তারা।
ভুক্তভোগী বৃদ্ধ আনিসুর রহমান জানান, প্রায় আট বছর ধরে এভাবেই চলতে হচ্ছে তাদের। তার স্ত্রী রাশিদা বেগম বলেন, পরিবারের কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। বৃদ্ধ বয়সে মই বেয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ভয় থাকে। এ ঘটনায় দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।