বেনাপোল পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা, মতবিনিময় ও ব্যাপক গণসংযোগ চালিয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং পৌর মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
বুধবার সকালে তিনি পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও প্রধান প্রধান সড়কে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই নির্বাচনী তৎপরতা চালান। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন এবং এলাকার টেকসই উন্নয়ন ভাবনাসংবলিত লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে মেয়রাকাঙ্ক্ষী ইমদাদুল হক ইমদাদ বলেন, “বেনাপোল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত শহর ও বন্দর নগরী হলেও এখানকার মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে এখনও বঞ্চিত।” তিনি একটি পরিচ্ছন্ন, মাদকমুক্ত, নিরাপত্তাবেষ্টিত ও আধুনিক ‘স্মার্ট বেনাপোল’ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী ও উন্নয়ন প্রতিশ্রুতিসমূহ:আধুনিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, কারিগরি শিক্ষার মাধ্যমে যুবক-যুবতীদের কর্মসংস্থান এবং নারী ক্ষমতায়ন নিশ্চিত করা
আধুনিক বাস টার্মিনাল, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা, স্টেডিয়াম এবং শিশু ও সাধারণ মানুষের জন্য বিনোদন পার্ক নির্মাণ।
নিরাপত্তা ও সুশাসন: সিসিটিভি ক্যামেরা দিয়ে সমগ্র পৌরসভা পর্যবেক্ষণ করে নিরাপদ শহর গড়ে তোলা, বয়স্ক ও দুস্থদের পাশে দাঁড়ানো এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক সেবা নিশ্চিত করা।
গণসংযোগে বেনাপোল পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ইমদাদুল হক ইমদাদের পক্ষে পৌরবাসীর সমর্থন কামনা করে ওয়ার্ডের সর্বস্তরের সুশীল সমাজ ও সাধারণ জনগণের সাথে জনসংযোগ করেন।



