পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা গার্লস স্কুলের সামনের খাবারের দোকানগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। বুধবার (১১ নভেম্বর) শিক্ষার্থীদের জন্য বিক্রি করা খাবারের পুষ্টিমান, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও শিক্ষার্থীরা প্রতিদিন যেসব খাবার গ্রহণ করে, সেগুলোর মান, পুষ্টিগুণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করেন। এ সময় দোকানদারদের নিরাপদ ও মানসম্মত খাবার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে দোকান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।




