মাগুরার শ্রীপুরে জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহতদের আর্থিক অনুদান এবং প্রতিবন্ধী ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, ভ্যান ও চালসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলা পরিষদের সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ ও উপজেলা পরিষদ চত্বরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।
উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই বিপ্লবের ৪ জন শহীদ পরিবার ও ১ জন আহত যোদ্ধার প্রত্যেককে ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া উপজেলার ৩০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১ বস্তা করে চাল, ২ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার, আত্মকর্মসংস্থানের জন্য ২ জনকে ভ্যান এবং ১ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ৩টি ছাগল দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “আমাদের সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে, যা একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এখানেই থেমে নেই; সংসদে পাস হওয়া ‘জুলাই সনদ’ দেশের সকল দল যৌথভাবে স্বাক্ষর করেছে এবং তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রতিটি দল এই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে।” তিনি আরও বলেন, “জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি আমাদের সবার নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।
এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মুজুমদার, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম শফিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপকরণ বিতরণ শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্বরে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি উপজেলার আমলসার ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য বরাদ্দকৃত গৃহনির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।












