লালপুরে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত, ইঞ্জিনচালিত গাড়ির চালক আটক

নাটোরের লালপুরে বেপরোয়া গতিতে চালানো শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার দুড়দড়িয়া ইউনিয়নের বাঘা-লালপুর হাইওয়ে সড়কের বেরিলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. শাহজাহান (৩৫)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর এলাকার মো. সাজদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি হচ্ছিল। এ সময় যাত্রীসহ একটি অটোরিকশা সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। অটোর চালক শাহজাহান গাড়ির ডান পাশে পর্দা লাগানোর কাজ করছিলেন। ঠিক তখনই লালপুর দিক থেকে বাঘাগামী একটি দ্রুতগতির শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ি এসে অসাবধানতাবশত তাকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে যান এবং শ্যালো ইঞ্জিনের রডের আঘাতে তার কপালে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। এছাড়া বাম হাতেও মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অটোর যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে শ্যালো ইঞ্জিনচালিত গাড়িসহ চালক মো. সবুজ (২৪) কে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে আহত করে।
খবর পেয়ে লালপুর থানার এসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক সবুজকে পুলিশ হেফাজতে নেন এবং নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
দুর্ঘটনায় জড়িত শ্যালো ইঞ্জিনচালিত গাড়িটি ঘটনাস্থলে জব্দ করা হয়েছে। তবে নিহতের অটোভ্যান পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চালক বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন