ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি পজিটিভ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) শৈলকুপা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আটক পাঁচজনের ডোপ টেস্ট করানো হলে তাদের মাদক সেবনের বিষয়টি পজিটিভ আসে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সুজন সর্দ্দার, মো. নাইম, মো. তুষার, মো. মোক্তার শেখ ও মো. মানিক শেখ। আদালত সুজন সর্দ্দারকে ৮ মাস, মো. নাইমকে ১ বছর, মো. তুষারকে ৪ মাস এবং মো. মোক্তার শেখ ও মো. মানিক শেখকে ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে শৈলকুপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।




