সবুজে সাজুক পথ, নির্মল হোক আগামী দিনের ঠাকুরগাঁও গোবিন্দ নগর মুন্সিরহাটে ডিভাইডারে দুই শতাধিক ফুল গাছ রোপণ

“সবুজে সাজুক পথ, নির্মল হোক আগামী দিনের ঠাকুরগাঁও”—এই প্রত্যয়ে ঠাকুরগাঁও শহরের গোবিন্দ নগর মুন্সিরহাট এলাকায় রাস্তার ডিভাইডারে দুই শতাধিক ফুল গাছ রোপণ করা হয়েছে।
বুধবার (১২আগস্ট)  সকালে সোশ্যাল প্রোগ্রেস অ্যান্ড ডেভলপমেন্ট সোসাইটি (SPDS)-এর উদ্যোগে এসব গাছ রোপণ করা হয়। রাস্তার ডিভাইডারকে সবুজ ও দৃষ্টিনন্দন করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শহরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গাছ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসীন ভূঁইয়া, ঠাকুরগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি ডালিয়া নাসরিন, সাধারণ সম্পাদক রুনা লায়লা, SPDS-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক নবীন হাসান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগানো নয়, লাগানো গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করাও জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শহরের বিভিন্ন সড়কের ডিভাইডার ও গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সবুজে সাজানো সম্ভব।
SPDS-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার বলেন, “আমরা চাই আমাদের শহর শুধু ইট-পাথরের শহর না হয়ে একটি সবুজ ও নান্দনিক শহর হিসেবে গড়ে উঠুক। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য।”
উদ্যোক্তারা জানান, ভবিষ্যতেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন